প্রতি মাসের তিন তারিখে আলতাফ চাচা আমার দোকানে এসে একটা মৃত মানুষের নম্বরে ষাট টাকা ফ্লেক্সি করাতেন।
বাজারের মোড়ে আমার ছোট দোকান। সিম, ফ্লেক্সি, বিকাশ, ফোনের কভার। দিনে দুশো মানুষ আসে, কেউ বিশ টাকা, কেউ একশো। মুখ মনে থাকে না, মনে থাকে অঙ্ক। আলতাফ চাচার অঙ্ক ছিল ষাট। পঞ্চাশ না, সত্তর না, ঠিক ষাট।
নম্বরটা তিনি মুখস্থ বলতেন, থেমে থেমে। আমি একটা অঙ্ক টিপে থামতাম, তিনি পরেরটা বলতেন। একসঙ্গে পুরোটা কখনো বলেননি। রিচার্জ হলে তাঁর ফোনে মেসেজ আসত। বেঞ্চে বসে তিনি মেসেজটা পড়তেন, দুইবার। তারপর ফোনটা বুক পকেটে রাখতেন।
বছরখানেক পর আমি হিসাবটা মেলালাম। কলার টিউনের চার্জ দিনে দুই টাকা। দুই গুণ তিরিশ, ষাট। কলার টিউন মানে কল করলে রিসিভ হওয়ার আগে যে গান বাজে। যে কল করে, সে শোনে। যার ফোন, সে শোনে না।
একদিন আলতাফ চাচাকে বলেছিলাম,
“চাচা, আপনি তো প্রতি মাসে আসেন। বছরের টাকাটা একবারে দিয়ে দেন। সাতশো বিশ টাকা। তাহলে আর আসতে হবে না।”
তিনি আমার কথা শুনে হেসে বলেছিলেন,
“না বাজান, মাসে একবার আসি। ভালো লাগে।”
আমি আর কিছু বলিনি।
লিপি আমার বউ। বিয়ের দুই বছর হলো। কম কথা বলে, ভর্তায় সর্ষের তেল বেশি দেয়, রাতে আমি ঘুমিয়ে পড়লে আমার ঘাড়ের নিচে বালিশ ঠিক করে দেয়, ভাবে আমি টের পাই না।
মাসের তিন তারিখে ওর ঘুম আসে না। রাত এগারোটার পর ছাদে যায়, কাপড় তুলতে। ফেরে পনেরো-বিশ মিনিট পর, হাতে কোনো কাপড় থাকে না।
আমি জিজ্ঞেস করিনি। ঘুম না আসার জন্য কারণ লাগে না।
গত মাসের তিন তারিখেও আলতাফ চাচা ঠিক সময়ে এলেন। নম্বর বললেন, থেমে থেমে। আমি টিপলাম। ষাট টাকা। মেসেজ এল। তিনি বেঞ্চে বসে দুইবার পড়লেন। তারপর, চার বছরে যা কখনো করেননি, ফোনটা বুক পকেট থেকে বের করে হাতে ধরে রাখলেন।
কিছুক্ষণ পর আমাকে বললেন,
“বাজান, একটা কাম করবেন?”
আমি বললাম,
“কী কাম?”
“আমার ছেলের নম্বরে একটা কল দিবেন? আপনার ফোন থেইকা।”
আমি একটু অবাক হলাম।
“চাচা, ঐ সিম তো আপনার ফোনেই!”
তিনি আমার দিকে তাকিয়ে বললেন,
“জানি। আমার পকেটে বাজবে। আমি তো শুনমু না।”
আমি কথাটা ঠিক বুঝতে পারলাম না।
তিনি নিজেই বুঝিয়ে বললেন,
“চাইর বছর ধইরা ষাট টাকা দেই। গানটা বাজে কি না, আমি জানি না। যে কল করে, শোনে সে-ই। একবার শুনতে মন চায়।”
কথাটা বলে একটু চুপ করলেন।
তারপর নিচু গলায় বললেন,
“আর কারে কমু? গ্রামের মানুষ জানলে হাসাহাসি করব।”
আমি নম্বর টিপলাম। অঙ্কগুলো আমার মুখস্থ ছিল। কল দিয়ে স্পিকার অন করলাম। গান বেজে উঠল। হারমোনিয়ামের সঙ্গে পুরুষের গলা, একটা বাউল গান। প্রথম দুই লাইন, তারপর আবার প্রথম থেকে।
আলতাফ চাচার হাতের ফোনটা কাঁপছিল। তিনি দুই হাতে ওটা ধরলেন, যেন ভেতরে একটা পাখি। স্ক্রিনে আমার নম্বর। কিছুক্ষণ বেজে কলটা নিজে থেকে কেটে গেল। দোকানে কেউ কথা বলল না। বাইরে একটা রিকশার হর্ন বাজল।
আলতাফ চাচা ফোনটা বুক পকেটে রাখলেন। বললেন, বাজে।
আমি জিজ্ঞেস করলাম,
“চাচা, ঐ নম্বরে কেউ কল করে?”
তিনি আবার ফোন বের করলেন। মিসড কলের তালিকা খুলে দেখালেন।
“মাসে একবার। তিন তারিখ। রাইত এগারোটা চল্লিশে।”
আমি বললাম,
“চার বছর ধরে?”
“হ। একটা মাসও বাদ যায় নাই।”
আমি জানতে চাইলাম,
“আপনি কখনো ফিরতি কল দেননি?”
আলতাফ চাচা বললেন,
“একবার দিছিলাম। পয়লা বছর।”
“তারপর?”
“একটা মেয়ে ধরছিল। হ্যালো কইছিল। আমি কল কাইটা দিছিলাম।”
“কেন?”
তিনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে ফোনটা আমার দিকে এগিয়ে দিলেন।
“নম্বরটা চেনেন নাকি? আপনি তো সারা বাজারের নম্বর টেপেন।”
আমি স্ক্রিনের দিকে তাকালাম। নম্বরটা আমার পরিচিত। প্রতি মাসের পনেরো তারিখে এই নম্বরে আমি একশো টাকা ফ্লেক্সি করি। ওটা আমার বউয়ের নম্বর।
আলতাফ চাচা আবার জিজ্ঞেস করলেন,
“চেনেন নাকি?”
আমি বললাম,
“চাচা, নম্বরটা তো!”
তিনি আমাকে থামিয়ে দিলেন।
“নাম কইয়েন না। কার ঘরের মাইয়া, কইয়েন না। জানলে কল ধরতে মন চাইব। ধরলে ও আর কল দিব না। লজ্জায় দিব না। আর মাইয়াডা যদি কারো বউ হইয়া গিয়া থাকে? আমি কারো ঘর ভাঙতে চাই না।”
আমি আর কথা বাড়ালাম না।
শুধু একটা প্রশ্ন করলাম,
“এগারোটা চল্লিশেই কল আসে কেন?”
আলতাফ চাচা বেঞ্চের এক কোণে বসে পা দুটো গুটিয়ে নিলেন।
“শাহিনের শেষ কল আছিল এগারোটা আটত্রিশে। দুই মিনিট দশ সেকেন্ড কথা হইছিল।”
শাহিন তাঁর ছেলে। চার বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। পুলিশ ফোনটা ফেরত দিয়েছিল। স্ক্রিন ভাঙা থাকলেও কলের তালিকা দেখা যেত।
আলতাফ চাচা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন,
“সবাই কয়, ভালোবাসার মানুষের লগে কলে কথা কইতে কইতে বাইক চালাইছিল। কেউ কয় না মাইয়াডা কে আছিল।”
আমি চুপ করে শুনছিলাম।
তিনি আবার বললেন,
“কলডা কাইটা গেছে। ঐপাশে যে আছিল, সে কী শুনছে আমি জানি না। মাসের ঐ তারিখে, ঐ মিনিটে, সে আবার কল করে। আমি ভাবলাম, কল করলে যেন চুপ না শোনে। ষাট টাকা দিয়া ঐ চুপের জায়গায় একটা গান কিনছি।”
আমি জানতে চাইলাম,
“গানটা আপনি বেছে দিয়েছিলেন?”
“না। শাহিন নিজেই দিছিল, মরার তিন দিন আগে। আমি খালি মেয়াদ বাড়াই।”
এরপর তিনি লুঙ্গির কোঁচড় থেকে একটা রুমাল বের করলেন। রুমালের ভেতরে গিঁট দিয়ে রাখা টাকা।
“সাতশো বিশ টাকা। পুরা বছরের টাকা। আপনে কইছিলেন একবারে দিতে। বছর শেষ হইলে আমি থাকমু না, বাজান। ডাক্তার কিছু কয় নাই। আমি আমার হিসাব জানি। তখন আপনে দিয়েন।”
আমি টাকাগুলো গুনলাম। সাতশো বিশ টাকা। কমও না, বেশিও না। চাচা দোকান থেকে বের হওয়ার সময় পেছন ফিরে আরেকবার বললেন, বাজে।
সেদিন রাতে বাসায় ফিরে লিপিকে একটু অন্যরকম লাগছিল। ও ভাত বেড়ে দিল। তরকারিতে সর্ষের তেল বেশি। আমি খেতে বসেছি, ও সামনে বসে।
রান্নাঘরে লিপি দুটো লাইন গুনগুন করে। শুধু ঐ দুটো। পেঁয়াজ কাটতে কাটতে, ভাত নামাতে নামাতে। বাকিটা কখনো গায় না। আমি ভাবতাম ওর মায়ের কোনো গান, আধখানা মনে আছে। আধখানা না। ঐটুকুই ও শুনেছে। ফোনের ওপাশে, একটা নম্বরে, চার বছর ধরে।
রাত এগারোটার একটু পর লিপি বলল,
“আমি ছাদে যাই। কাপড়গুলো তুলে আনি।”
আমি বললাম,
“যাও।”
আমি বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইলাম। এগারোটা চল্লিশে আমি ঘরের বাতিটা নিভিয়ে দিলাম, ও যেন নেমে এসে দেখে আমি ঘুমিয়ে আছি।
ও যখন নামল, আমি দেয়ালের দিকে পাশ ফিরে ছিলাম। ও আমার ঘাড়ের নিচে বালিশটা ঠিক করে দিল, আস্তে, যেমন সবসময় দেয়।
আলতাফ চাচা এরপর আর দোকানে আসেননি।
শীতের মাঝামাঝি খবর পেলাম, তিনি ঘুমের মধ্যে মারা গেছেন। দোকান বন্ধ করে জানাজায় গেলাম। বরিশাল থেকে তাঁর মেয়ে এসেছিল। জানাজা শেষে সে আমার হাতে একটা পলিথিনের পুটলি দিয়ে বলল, আব্বা কইয়া গেছে, আপনেরে দিতে।
পুটলির ভেতরে সেই ফোনটা। চার্জ তখনো ছিল। মেয়েটাকে কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা করছিল। কিন্তু কী জিজ্ঞেস করব বুঝতে পারলাম না। সেও আর কিছু বলল না।
পরের মাসের তিন তারিখে রাতে আমি ফোনটা সাইলেন্ট করে শার্টের বুক পকেটে রেখে শুয়ে পড়লাম।
লিপি যথারীতি ছাদে গেল। এগারোটা চল্লিশে বুকের উপর ফোনটা কাঁপতে শুরু করল। আমি ফোন বের করলাম না। পকেটের উপর হাত রেখে শুয়ে রইলাম। ফোনটা একটানা কাঁপছিল।
আমাদের ঘরের ঠিক উপরে ছাদের উপর তখন একজন মানুষ দাঁড়িয়ে একটা নম্বরে কল করে গান শুনছে। দুটো লাইন। তারপর আবার প্রথম থেকে। আমি কলটা ধরলাম না। কিছুক্ষণ পর কাঁপুনি থেমে গেল। কিন্তু আমি হাত সরালাম না।
পনেরো মিনিট পর লিপি ঘরে ফিরল। আমি চোখ বন্ধ করে শুয়ে ছিলাম। ও আমার ঘাড়ের নিচে বালিশটা ঠিক করতে এসে থেমে গেল। তারপর বালিশটা তুলে উল্টে দিল।
দুই বছরে এই প্রথম।
ও অনেকক্ষণ আমার পাশে বসে রইল। কিছু বলল না। আমি ঘুমের ভান করে শ্বাস সমান রাখলাম। বুকের উপর ফোনটা আর কাঁপছিল না, তবু আমি হাতটা সরালাম না।
সকালে কেউ কাউকে কিছু জিজ্ঞেস করিনি।
দোকানে যাওয়ার পথে আমি গানটার দুটো লাইন গুনগুন করলাম। ভুল সুরে। বাকিটা আমি কখনো খুঁজিনি। লিপি যতটুকু জানে, আমিও ততটুকুই জানি।। written by
Comments
Post a Comment